বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২২ ১৫:২৪ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২২ ১৬:১৪ পিএম
চট্টগ্রামের ভাষায় নির্মিত প্রথম সিনেমা ‘মেইড ইন চিটাগং’। পরিচালক ইমরাউল রাফাত এবং রচনায় রিয়াদ বিন মাহমুদ। ১৮ নভেম্বর শুক্রবার চট্টগ্রামের সুগন্ধা ও সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি নিয়ে মানুষের আলাদা আকর্ষণ কাজ করে। ছোটপর্দায় চট্টগ্রামের ভাষায় নাটক নির্মাণ হয়েছে এবং এসব পেয়েছে দর্শক জনপ্রিয়তা। তবে এবার চট্টগ্রামের ভাষা-সংস্কৃতি নিয়ে নির্মিত এই ছবি নিয়ে দর্শকের মাঝে বেশ আগ্রহ দেখা যাচ্ছে।
এই সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো বড়পর্দায় হাজির হলেন সংগীত তারকা পার্থ বড়ুয়া। এর আগে অমিতাভ রেজা চৌধুরীর সিনেমা ‘আয়নাবাজি’তে সাংবাদিক সাবের হোসেনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। মেইড ইন চিটাগং নিয়ে পার্থ বড়ুয়া বলেন, ‘এটি হাস্যরসে পরিপূর্ণ ভিন্নধর্মী একটি চলচ্চিত্র। আমার চরিত্রটিও একটু অন্যরকম। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রধান চরিত্রে এই প্রথমবার অভিনয় করেছি। অন্যরকম একটা অনুভূতি কাজ করছে।’ এ সিনেমায় পার্থ বড়ুয়ার বিপরীতে থাকবেন অভিনেত্রী অপর্ণা ঘোষ।
উল্লেখ্য, ২০১২ থেকে ২০১৪—তিন বছরের দুই ঈদে ‘মেইড ইন চিটাগং’ নাটকের দুটি করে পর্ব প্রচারিত হয়। নাটকটি জনপ্রিয়তা পায়। ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী পার্থ বড়ুয়া ও লাক্স তারকাখ্যাত অভিনয়শিল্পী অপর্ণা ঘোষ এ নাটকে অভিনয় করে বেশ জনপ্রিয় হন। তিন বছরে নাটকের ছয় পর্ব প্রচারের পর শোনা যায়, এ নাটকের সঙ্গে যুক্ত যারা, তারা চট্টগ্রামের ভাষায় একটি চলচ্চিত্র বানাবেন। যত দিনে ছবির কাজ শেষ হয়েছে, তত দিনে পেরিয়ে গেছে সাত বছর।
পরিচালক ইমরাউল রাফাত বলেন, ‘আমরা বলেছিলাম, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চলচ্চিত্র বানাব। অবশেষে তা করতে পেরেছি। এখন চট্টগ্রামের দুটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ছবিটির বিশেষ প্রদর্শনী করার পরিকল্পনা রয়েছে।’ পরিচালক জানান, এ চলচ্চিত্রে যারা অভিনয় করেছেন, সবাই চট্টগ্রামের; একমাত্র সাজু খাদেম ছাড়া।
রাফাত আরও বলেন, ‘চলচ্চিত্রে নোয়াখালীর একটা চরিত্র ছিল। তাই সাজু ভাইকে কাস্ট করা। বরাবরের মতো এবারও তিনি আমাদের বিশ্বাসের শতভাগ প্রতিদান দিয়েছেন।’
‘মেইড ইন চিটাগং’ চলচ্চিত্রের পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ ছাড়াও প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, মুকিত জাকারিয়া, নাসিরউদ্দিন খান, হিন্দোল রায়, প্রিয়া মৌলি প্রমুখ। একমাত্র সাজু খাদেম ছাড়া সিনেমার সব শিল্পীই চট্টগ্রামের।
এমনকি ছবিটির গান ‘ফেট ফুরেদ্দে তোঁয়াল্যাই’তে অপর্ণার সঙ্গে নাচের মুদ্রাও দিয়েছেন তিনি। ইতোমধ্যে গানটি সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে।
ছবিটি প্রযোজনা করেছেন এনামুল কবির সুজন। প্রেক্ষাগৃহে মুক্তির মাসখানেকের মধ্যে ছবিটি একটি ওটিটি প্ল্যাটফর্মে ছাড়া হবে।